জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তাটি গতকাল জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত উদ্যাপন অনুষ্ঠানে প্রচার করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষে আমি বাংলাদেশের জনগণকে স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ এখন অর্থনৈতিক অগ্রগতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং উচ্চাশা ও সুযোগের দেশ। আমি অসাধারণ এ অর্জনের জন্য আপনাকে ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।
তিনি আরো বলেন, ১০ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া বিশ্বের সামনে মানবিকতা ও উদারতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সংকটের একটি টেকসই সমাধান খুঁজে পেতে যুক্তরাষ্ট্র অবিচল অংশীদার হিসেবে বাংলাদেশের পাশে থাকবে। জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারেরও আমি প্রশংসা করি এবং গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমার প্রশাসন আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে প্রত্যাশা করি।
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে গুরুত্ব দেয় এবং আমরা বিশ্বাস করি যে, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি যৌথ অঙ্গীকার শক্তিশালী অংশীদারিত্বের ভিত্তি তৈরি করে। আগামী ৫০ বছর ও আরো বেশি সময় ধরে আমাদের দুই দেশের জনগণের আরো উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই অঙ্গীকারগুলো আরো জোরদার করতে আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি। এদিকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
