লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে রডবোঝাই একটি পিকআপ ভ্যান ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে তলিয়ে গেছে। এতে চালক বিল্লাল হোসেনের (২২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতে শিমুলিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে। গতকাল ভোরে তলিয়ে যাওয়া পিকআপ ভ্যানটি শ্রীনগর ফায়ার স্টেশনের ডুবুরি দল মাওয়া নৌ-পুলিশ উদ্ধার করে। চালক ও হেলপার গাড়ির ভেতরে থাকলেও সহকারী যুবরাজ (২৪) গাড়ি থেকে বেরিয়ে আসায় বেঁচে যান। বিল্লাল হোসেন শরীয়তপুর জেলার জাজিরার হজরত আলীর ছেলে। মাওয়া নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ জে এম সিরাজুল কবির এ তথ্য জানান।
