বিনোদন ডেস্ক
ক্যারিয়ারে সঞ্জয়লীলা বানসালির হাত ধরে ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মবত’র মতো সুপারহিট সিনেমা যোগ করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। দর্শকরাও এখনো মুখিয়ে আছেন এই জুটির পরবর্তী সিনেমার জন্য। কিন্তু এরইমাঝে সফল এই নির্মাতার সঙ্গে মনোমালিন্যে জড়ালেন জনপ্রিয় এই অভিনেত্রী। তাদের মাঝে এক ধরনের শীতলযুদ্ধ চলছে বলিপাড়ায় গুঞ্জন চলছে।
জানা গেছে, বালসালি ‘গাঙ্গুবাঈ’ সিনেমায় দীপিকাকে একটি আইটেম গানে পারফর্ম করতে বলেছিলেন। এছাড়াও নির্মাতা তার পরবর্তী সিনেমা ‘হেরা মান্ডি’-তে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তাকে। কিন্তু দীপিকা সেই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেন। আর এ নিয়েই তাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে বলে অনেকেই মনে করছেন। আবার অনেকে বলছেন, ‘গাঙ্গুবাঈ’ সিনেমায় বানসালি দীপিকাকে দ্বিতীয় নায়িকা হিসেবে চেয়েছিলেন। আর এতেই দূরে সরে যান দীপিকা! যদিও বানসালির ‘বাজু বাওড়া’ সিনেমায় দেখা যাবে দীপিকাকে।
দীপিকা বলেন, ‘যে গুঞ্জন রটেছে সেটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে বানসালির হাত ধরে অনেক সাফল্য এসেছে আমার ক্যারিয়ারে। তাই তার সঙ্গে কাজ করতে বরাবরই আমি মুখিয়ে থাকি। আমার ভক্তরাও আশা করি সেটাই চায়। বর্তমানে আমি যেমন নিজের সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছি, বানসালিও তার নির্মাণ নিয়ে ব্যস্ত রয়েছেন। কখনো সুযোগ হলে আবারো আমরা একসঙ্গে কাজ করবো।’
