ইত্তেফাক রিপোর্ট
চলতি ২০২০-২১ অর্থবছরের বাদবাকি সময়ের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে প্রণোদনার ১০০ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। করোনা ভাইরাস সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে এ ঋণ দেওয়া হবে। এছাড়া আগামী অর্থবছরে দেওয়া হবে আরো ২০০ কোটি টাকা। গতকাল এসএমই ফাউন্ডেশনের ১৫তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। তিনি বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মধ্যে সুষ্ঠুভাবে এ ঋণ বিতরণ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় সাধন করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবন মিলনায়তনে এসএমই ফাউন্ডেশনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের পক্ষে বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার। তিনি জানান, ২০১৯-২০ অর্থবছরে পণ্য বিপণন, দক্ষতা উন্নয়ন এবং দেশে ও বিদেশে উত্পাদিত পণ্যের বাজার সম্প্রসারণ সংক্রান্ত এসএমই ফাউন্ডেশনের নানামুখী কার্যক্রমের সুবিধা পেয়েছেন ১০ হাজার ১৯৯ জন উদ্যোক্তা। এর মধ্যে নারী উদ্যোক্তা ৪ হাজার ৫০৯ জন এবং পুরুষ উদ্যোক্তা ৫ হাজার ৬৯০ জন। সভায় জানানো হয়, ২০২০ সালে অষ্টম জাতীয় এসএমই পণ্য মেলায় ৪ কোটি ৯৫ লাখ টাকার পণ্য বিক্রয় ও ৬ কোটি ৩৮ লাখ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পান অংশগ্রহণকারী এসএমই উদ্যোক্তারা। এছাড়া ২০১৯-২০ অর্থবছরে দেশের আটটি বিভাগের ২৮টি জেলায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত আঞ্চলিক এসএমই পণ্য মেলায় ৮ কোটি ৫৯ লাখ টাকার পণ্য বিক্রয় করে এবং ৭ কোটি ৩৬ লাখ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পায়।
