ভেদরগঞ্জে গমের ভালো ফলনের আশা

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২১:২২

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

অনুকূল আবহাওয়া, বিভিন্ন সরকারি সহায়তা ও উপজেলা কৃষি অফিসের পরামর্শে চলতি রবি মৌসুমে ভেদরগঞ্জ উপজেলার কৃষকরা গম আবাদে ঝুঁকছেন। ধান চাষে বার বার লোকসান হওয়ায় কৃষকরা লাভজনক ফসল গম আবাদের দিকে নজর দিয়েছেন। বর্তমানে গমের বাজার ভালো থাকায় ও ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন কৃষি বিভাগ এবং কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ১ হাজার ৮০০ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সরকারি বীজ, সার ও প্রণোদনা দেওয়ায় ২ হাজার ২৩ হেক্টর জমিতে গম আবাদ হয়েছে। ডিএম খালির গমচাষি মোরশেদ বেপারী, চরচান্দার মনসুর মোল্যা, সখিপুরের জুরাইন মন্ডলসহ অনেকেই বলেন, বিগত সময়ের চেয়ে এবার গমের দানা খুব ভালো এসেছে। যদি আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূল ও গমের বাজার ভালো থাকে তাহলে চাষিরা লাভবান হবেন। তারা আরো বলেন, গম চাষে তেমন পানি, সার, কীটনাশক, বালাইনাশক ও নিড়ানীর প্রয়োজন হয় না। তাই খরচ অনেক কম। আর কম পরিশ্রমে অধিক লাভ করা যায়। এছাড়াও গমে পোকার আক্রমণও তেমন একটা হয় না। গমের শীষ নেওয়ার পর গমের গাছ জ্বালানি ও বেড়া হিসেবেও ব্যবহার করা যায়। আর তাই গম একটি অধিক লাভজনক ফসল। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম বলেন, চলতি মৌসুমে গমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলায় এবার বিঘা প্রতি প্রায় ১৬ মণ হারে ফলন পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।