নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশদূষণ ও নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সুশাসনের জন্য নাগরিক—সুজনের নওগাঁ জেলা কমিটির আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়েছে। সুজনের নওগাঁ কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমান মানু, গণমাধ্যমকর্মী সাদেকুল ইসলাম, এম আর রকি, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মকবুল হোসেন জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।]
