মেলান্দহে জিপি মডেল স্বাস্থ্যসেবা চালু

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২১:২৪

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

দেশের প্রথম জিপি মডেল স্বাস্থ্যসেবা চালু হয়েছে জামালপুরের মেলান্দহে। শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে ডিজিটাল জেনারেল প্র্যাক্টিশনার (জিপি) মডেল স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিত্সক ও আন্তর্জাতিক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। ইউনাইটেড ট্রাস্ট ও সিএমইডি যৌথভাবে এর আয়োজন করে। এ উপলক্ষ্যে মালঞ্চ এম এ রশীদ মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আলোচনাসভা হয়। ইউনাইটেড ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশীদ এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন—স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেবরিনা ফ্লোরা, ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শাহ আলম, ইউনাইটেড ট্রাস্টের নির্বাহী পরিচালক ব্রি. জেনারেল (অব) এম ফজলুর রহমান, জামালপুর সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস প্রমুখ।

উল্লেখ্য, ১০০ টাকার বিনিময়ে বছর জুড়ে চিকিত্সাসেবা প্রদানের জন্য প্রথম পর্যায়ে নয়ানগর ইউনিয়নের ৩ হাজার ২০০ জনকে বাছাই করা হয়েছে। আর এই সেবা প্রদানের বৈশিষ্ট্য হচ্ছে—রোগীর ফোনে সাড়া দিতে ডাক্তার তার কাছে হাজির হবেন। এজন্য বাড়তি খরচ হবে না।