সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২১:২৬

ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা দেলদুয়ারে শনিবার মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে দেলদুয়ারের পাছ এলাসিনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরের চাবি হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইমরান খান, দেলদুয়ার থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

দৃশ্যকাব্য আলোকচিত্র প্রদর্শনী

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা মঠবাড়িয়ায় উপকূলের প্রাণ-প্রকৃতি নিয়ে তিন দিনব্যাপী দৃশ্যকাব্য আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন হয়েছে শনিবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমি মঠবাড়িয়া শাখার আয়োজনে দৈনিক কালের কণ্ঠের পিরোজপুর প্রতিনিধি ও আলোকচিত্রী দেবদাস মজুমদারের উপকূলের দৃশ্যকাব্য শিরোনামে প্রদর্শনীতে ৬৬টি আলোকচিত্র স্থান পেয়েছে। জাতীয় উন্নয়ন মেলার অংশ হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ ও সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু এ প্রদর্শনী উদ্বোধন করেন। প্রদর্শনী চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত।

‘বেলা-অবেলার কথা’ বইয়ের মোড়ক উন্মোচন

জামালপুর প্রতিনিধি জামালপুরের মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিসারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাছানের লেখা গ্রন্থ বেলা-অবেলার কথা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বশেফমুবিপ্রবির উপাচার্য ড. সৈয়দ সামসুদ্দিন আহম্মেদ।

রহিমা নবীর পণ্ডিত স্মৃতি পাঠাগার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বগুড়া বগুড়ার শাজাহানপুর উপজেলার পাঁচপীরতলা মোস্তাইল বাজারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুক্রবার রহিমা নবীর পণ্ডিত স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবুল বাশারের সভাপতিত্বে এলাকার হাজারো মানুষের কাঙ্ক্ষিত এ পাঠাগারের উদ্বোধন করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা নেকটার বগুড়া এর উপপরিচালক মুহাম্মদ মাহমুদুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক।

রাণীনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাণীনগরে শনিবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ ও হিলফুল ফুজুল পরিষদ গোনা ইউপির উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিশেষজ্ঞ সার্জন ও চিকিত্সকরা বিনা মূল্যে বিভিন্ন রোগের চিকিত্সা দেন। এছাড়াও রোগীদের বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়।

 

 

০