এই সময়ের ছড়া

বই পড়বই

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২১:২৭

অবিনাশ আচার্য

 

সারা মাসে পড়ি না তো একটাও বই

মেলা এলে অনেকেই বইপ্রেমী হই।

সাজুগুজু করে ছুটি মেলা প্রাঙ্গণ

বই কেনা বই দেখা নাই তাতে মন।

 

মন খোঁজে কত কী যে ডান আর বাম

হাত ধরে ঘোরাফেরা চলে অবিরাম।

সাজুগুজু ভাবসাব এইটুকু সার

বই নিয়ে উচ্ছ্বাস মাঠে খায় মার।

 

আবেগের রসায়ন থাকে কয় দিন

ভিড় থেকে হাঁক শুনি ‘নিন বই নিন’।

 

মেলা মানে উত্সব উত্সাহ বেশ

মেলা থেকে বাড়ি যেন থাকে এর রেশ।

ঘোরাঘুরি প্রেমটেম তাতে দোষ নাই

বেছে বেছে মনমতো বই কেনা চাই।

 

ভালো বই ভালো এক বন্ধু কি নয়

গুণীজন তাই কন—বই বরাভয়।

বসে বসে অবসরে ভাজব না খই

মন থেকে বলো দেখি বই পড়বই।