এ যেন ধুলোর রাজ্য, ৩০০ থেকে ৩৫০ মিটার মহাসড়ক। এমন দৃশ্য দেখা যাবে ময়মনসিংহে পাটগুদাম ব্রিজমোড় থেকে শম্ভুগঞ্জ যাওয়ার পথে ব্রিজ পার হওয়ার পরপরই টোলবক্স পর্যন্ত। এ মহাসড়কের পাশেই রয়েছে আবর্জনার স্তূ্তপ। পথচারী, যাত্রী, ড্রাইভারসহ বাসিন্দাদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত। বাতাসে ধুলোবালি বেশি থাকায় অনেকের অ্যালার্জি বা শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা যায়। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষের কাশি, কোল্ড অ্যালার্জির মতো সমস্যা। স্থানীয়রা বলছেন, টোলবক্স থেকে পাটগুদাম ব্রিজে ওঠার আগ পর্যন্ত মহাসড়কের অবস্থা খুব খারাপ। যেখানে-সেখানে ভাঙা, সেইসঙ্গে মাত্রাতিরিক্ত ধুলো। এ পথে যাতায়াতে ধুলো সারা গায়ে লেগে যায়। রয়েছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। সরেজমিনে গিয়ে এ ধুলোর উত্স জানা যায়—মহাসড়ক পুনঃসংস্কারে ইটের সলিংয়ে বালু ব্যবহার করা হয়েছে। এছাড়া মহাসড়কের মাঝে রয়েছে জমানো বালির স্তূপ। সড়ক সংস্কারের সময় রাখা বালি পরবর্তী সময়ে আর সরানো হয়নি। ফলে বসন্তকালের বৃষ্টিহীন পরিবেশে দ্রুতবেগে যানবাহন চলাকালে এ বালি ধুলোঝড়ে পরিণত হচ্ছে। এ ব্যাপারে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বিপ্লব বর্মন
ময়মনসিংহ
