হ্যামিল্টনে আজ প্রথম টি-২০
স্পোর্টস রিপোর্টার
আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সফলতম ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ডকে হারানোর চেষ্টা সফলতার মুখ দেখেনি। ওয়ানডেতে ধবলধোলাই হওয়ার পর এবার ক্রিকেটের খুদে ফরম্যাটে স্বাগতিকদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ খেলতে গতকাল হ্যামিল্টনে এসেছে বাংলাদেশ দল। সেডন পার্কে আজ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ওয়ানডের স্মৃতি ভুলে নতুন শুরু করতে হবে। প্রতিপক্ষের অবস্থান চিন্তা না করে নিজেদের সেরাটা খেলতে হবে। সতীর্থদের কাছে তার চাওয়া, ভয়ডরহীন ক্রিকেট। নিউজিল্যান্ডের মাটিতে অধরা জয়ের সুতীব্র ক্ষুধা নিয়েই আজ মাঠে নামবে মাহমুদউল্লাহর দল।
ডানেডিনে স্বাগতিকদের কাছে বিধ্বস্ত হয়েছিল তামিম বাহিনী। ক্রাইস্টচার্চে দারুণ লড়াই করলেও ক্যাচ মিসের ভুলে জয়ের সুযোগ হারায় বাংলাদেশ। ওয়েলিংটনেও একই ভুলের পুনরাবৃত্তি করে হেরে যায় সফরকারীরা। ওয়ানডেতে সামর্থ্য অনুযায়ী পারফরম করতে পারেনি বাংলাদেশ। মাহমুদউল্লাহ বলছেন, টি-২০ তে প্রতিপক্ষের সঙ্গে ব্যবধান কমানো সম্ভব।
গতকাল হ্যামিল্টনে টি-২০ অধিনায়ক বলেছেন, ‘আশানুরূপ পারফরম করতে পারিনি, এ কারণে আমরা আশাহত। আমরা বিশ্বাস করি—দল হিসেবে সামর্থ্য অনুযায়ী আমরা পারফরম করতে পারিনি। টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট যেখানে বড় দল, ছোট দল বলতে কিছু নেই। র্যাংকিংয়ের ১ নম্বর দল হোক বা ৯-১০ নম্বর দল হোক, নির্দিষ্ট দিনে যদি কোনো দল ভালো পারফরম করে, এক-দুই জন খেলোয়াড় ভালো পারফরম করে, দল হিসেবে যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ঠিকমতো করতে পারি তাহলে যে কোনো দলকে হারাতে পারব। এটা আমাদের বিশ্বাস।’
দ্রুতলয়ের খেলা টি-২০ তে আক্রমণাত্মক ক্রিকেটেই আস্থা রাখছেন মাহমুদউল্লাহ। গতকাল তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে কোনো ধরনের জড়তা ছাড়া ভয়ডরহীন ক্রিকেট যদি আমরা খেলতে পারি তাহলে ফল আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব। আমি বিশ্বাস করি, আমাদের জয়ের ক্ষুধা তীব্র আকারে আছে।’
ওয়ানডের ব্যর্থতা ভুলে টি-২০ তে নতুন শুরুর প্রতি গুরুত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। তিনি বলেছেন, ‘ওয়ানডে সিরিজের ফলাফল যেন আমাদের এই খেলায় নেতিবাচক প্রভাব না ফেলে, সেজন্য মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে। জয়ের বিকল্প নেই, অন্য কোনো পথ নেই।’
সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-২ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে অবশ্য এক ঝাঁক তারকা ক্রিকেটার ছাড়াই নামছে ব্ল্যাক ক্যাপসরা। তবে মাহমুদউল্লাহর মন্ত্র, নির্দিষ্ট দিনে নিজেদের সেরা ক্রিকেট খেলে ফলাফল পক্ষে নিয়ে আসা। হ্যামিল্টনে সেই চ্যালেঞ্জ জেতা খুবই কঠিন কর্ম হবে, তা বলার অপেক্ষা রাখে না।
