বাংলাদেশ-পোল্যান্ড মুখোমুখি

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২১:৩৪

আন্তর্জাতিক কাবাডি শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

দেশের সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, সামনে আসছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। এরই মধ্যে আজ শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। পাঁচ দেশের এই টুর্নামেন্টটি বঙ্গবন্ধুর স্মরণেই হচ্ছে। এরই মধ্যে অংশগ্রহণকারী দেশগুলো ঢাকায় এসেছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শহিদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান। সাড়ে ৬টায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ এবং পোল্যান্ড মুখোমুখি হবে। ইউরোপীয়ান দল পোল্যান্ড, আফ্রিকান দল কেনিয়া, এশিয়ার শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ একে অপরের মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনাল খেলবে ২ এপ্রিল।

এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া কঠিন। ইউরোপীয়ান দল পোল্যান্ড। শক্তিশালী দল শ্রীলঙ্কাকে টপকে ফাইনালে উঠা কঠিন হলেও অসম্ভব মনে করছেন না বাংলাদেশ দলের হেড কোচ ভারতের সাজুরাম গয়াত। গতকাল সংবাদ সম্মেলনে এই কোচ বলেছেন, ‘আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমাদের সামর্থ্য ও আত্মবিশ্বাস আছে। দলও ভালো।’

তুহিন তরফদার, জিয়াউর রহমান ও আরদুজ্জামান মুন্সির বাংলাদেশ দলের প্রাণভোমরা। নতুন খেলোয়াড় রয়েছেন তিন জন যারা  প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে নামছেন আজ।

কোচ বললেন, ‘নেপাল ভালো দল। সর্বশেষ যুব বিশ্বকাপে কেনিয়া রানার্সআপ হয়েছে। তারা ধীরে ধীরে উন্নতি করছে। পোল্যান্ডও নতুন হিসেবে ভালো করছে, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে। তাদের দলের ক’জন ভারতে প্রো-কাবাডি খেলে থাকে। তারপরও আমাদের জন্য তারা কোনো হুমকি নয়। আমাদের লক্ষ্য চীনে অনুষ্ঠিতব্য পরবর্তী এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক পুনরুদ্ধার করা। সেই জন্যই আমাদের সিনিয়র দল, জুনিয়র দল ও নারী দলকে প্রস্তুত করা হচ্ছে।’

বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। ২০১৯ সালে নেপালে এসএ গেমসে নেপালকে হারিয়েছি। ঐ ম্যাচে আরদুজ্জামান মুন্সি, জিয়াউর রহমান ভাইয়ের মতো সিনিয়ররা ছিলেন। এছাড়া ২০১৬ সালে বিশ্বকাপে পোল্যান্ডের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। তাদের সম্পর্কে আমাদের ধারণা রয়েছে।’

আন্তর্জাতিক কাবাডির ফিকশ্চার

২৮ মার্চ :      বাংলাদেশ ও পোল্যান্ড     ৫টা ৩০

                  কেনিয়া ও শ্রীলঙ্কা           ৬টা ৩০

২৯ মার্চ :      পোল্যান্ড ও শ্রীলঙ্কা         ৬টা ৩০

                  বাংলাদেশ ও নেপাল       ৭টা ৩০

৩০ মার্চ :     কেনিয়া ও পোল্যান্ড         সকাল ৯টা                 

                  শ্রীলঙ্কা ও নেপাল            সকাল ১০টা

                  নেপাল ও কেনিয়া           ৬টা ৩০

                  বাংলাদেশ ও শ্রীলঙ্কা       ৭টা ৩০

৩১ মার্চ :      পোল্যান্ড ও নেপাল         সকাল ৯টা

                  বাংলাদেশ ও কেনিয়া       ৬টা ৩০

২ এপ্রিল   :  ফাইনাল