ত্যাগী নেতাদের পদত্যাগের হুমকি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জে মাদকাসক্ত, বিবাহিত, ছাত্রলীগ, অছাত্র ও ভূমিদস্যুদের নিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার অভিযোগ করা হয়েছে। গতকাল রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতৃবৃন্দ এ অভিযোগ করেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ২১ সদস্যের মধ্যে ১৩ সদস্য সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাহিদ হাসান ভুঁইয়া লিখিত বক্তব্যে বলেন, ২২ বছর পর গত ২৫ মার্চ মধ্যরাতে ২১ সদস্যবিশিষ্ট রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে বিবাহিত, মাদকাসক্ত, অছাত্র, ভূমিদস্যু ও রূপগঞ্জের দাউদপুরের বাসিন্দা এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ছাত্রলীগের সহকারী সম্পাদক আরিফ বিল্লাহ আলিফ স্থান পেয়েছেন। উপজেলা ছাত্রদলের ত্যাগী, নীতিবান, মেধাবী ছাত্রদের বাদ দিয়ে অযোগ্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করায় তারা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে অযোগ্যদের বাদ দিয়ে ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তিনি। অন্যথায় আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাহিদ হাসান ভুঁইয়া, মাসুম বিল্লা, মেহেদী হাসান মিঠু, আলমগীর হোসেন নয়ন, হাবিবুর রহমান হাবিব, জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম হূদয়, সদস্য ইসাক মিয়া প্রমুখ।
