বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

মালিবাগ রেলগেট পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে হঠাত্ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা বাসের গ্লাস ভেঙে বের হয়ে যান। এতে হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল দুপুরে যাত্রাবাড়ী-গাজীপুর রুটে চলাচলকারী তুরাগ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে আগুন জ্বলে উঠলে আতঙ্কে যাত্রীরা জানালা ভেঙে রাস্তায় লাফিয়ে পড়েন। এতে কয়েকজন সামান্য আঘাত পেলেও কেউ গুরুতর আহত হননি। স্থানীয়দের সহায়তায় সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ডিএমপির হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ জানান, দুপুরে তুরাগ পরিবহনের একটি বাসে হঠাত্ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনি বলেন, এটি নাশকতা, নাকি দুর্ঘটনা পুলিশ তদন্ত করছে।