সিলেট অফিস ও দক্ষিণ সুরমা সংবাদদাতা
সিলেটের দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাজগীর আহমেদ (২৩) বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বিশ্বনাথ থানার কেশবপুর গৌরিশঙ্কর গ্রামের মকবুল আহমদের ছেলে। গতকাল শনিবার সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের দক্ষিণ সুরমাস্থ মোল্লারগাঁও এলাকায় সড়কের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এসময় পাশ থেকে দুমড়ানো-মুচড়ানো একটি মোটরসাইকেল (সিলেট হ ১৪-১৬৭৬) উদ্ধার করা হয়। তাজগীরের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় জানা যায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ বলেন, ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ থেঁতলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
