পাকিস্তান আরো নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য শাহিন-ওয়ানএ নামের এই ক্ষেপণাস্ত্রটি ৯০০ কিলোমিটার (৫৫০ মাইল) দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ডন অনলাইন
শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন নকশা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করতেই এই পরীক্ষা চালানো হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান ও শীর্ষ সামরিক কর্মকর্তারা এর জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি আধুনিক দিক-নির্দেশনা অনুযায়ী তার নির্দিষ্ট স্থানে আঘাত হানতে পারে কি না তা যাচাই-বাছাই করতেই এই পরীক্ষা চালানো হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলী এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিদর্শন করেছেন।
গত মাসে দেশটির সেনাবাহিনী বাবর ক্রুজ মিসাইল আইএর সফল পরীক্ষা চালিয়েছিল। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে সক্ষম।
