আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতে গত শুক্রবার ঢাকা-চট্টগ্রাম-ব্রাহ্মণবাড়িয়ায় একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে, বিএনপি তার পৃষ্ঠপোষক। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। গতকাল নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শুক্রবার জুমার নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে, সেই ধৃষ্টতার জবাব জনগণ অবশ্যই দেবে। ক্ষমতার পরিবর্তন বিষয়ে বিএনপির নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার পরিবর্তন কেবল নির্বাচনের মাধ্যমেই হবে। তাই আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বিএনপির স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের প্রতি সম্মান, শ্রদ্ধা প্রদর্শন দায়সারা এবং লোকদেখানো আনুষ্ঠানিকতা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা মুখে স্বাধীনতার কথা বললেও স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছে। তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্র ও চোরাগলির রাজনীতি গত চার দশকের বেশি সময় ধরে চর্চা করে আসছে এবং উত্তরাধিকার বহন করে চলেছে। ‘প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বিএনপি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়’—বিএনপি নেতাদের এমন কথা শুনলে হাসি পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির ঢাকা সফরকালে হরতাল আহ্বান এবং বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাত্ না করার অসৌজন্যতা ভারতের জনগণ নিশ্চয়ই ভুলে যায়নি।
ওবায়দুল কাদের বলেন, গত কয়েক দিন ধরে বিএনপি তার দোসরদের দিয়ে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে। অথচ বিএনপিই মোদি সরকারের বিজয়ের পর আনন্দে ফুল আর মিষ্টি নিয়ে দূতাবাসের দরজায় পৌঁছানোর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল।
রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ওবায়দুল কাদের। তিনি এ ঘটনায় সাত দিনের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিবেদন প্রদানের জন্য বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন।
