৩৭১ ইউপিতে ৫৪ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২২:৫৪

প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের এলাকায় ৫৪ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ২৪ ঘণ্টার জন্য সব ধরনের যন্ত্রযান ও নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পৃথক দুটি চিঠি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের                  সচিবের কাছে পাঠানো হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে—প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। আগামী ১০ এপ্রিল মধ্যরাত ১২টা থেকে ১১ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত সব ধরনের যান্ত্রিক যানসহ পিকআপ, ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে আগামী ৯ এপ্রিল মধ্যরাত ১২টা থেকে ১২ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত। অর্থাত্ ৫৪ ঘণ্টার জন্য ৩৭১ ইউপিতে মোটরসাইকেল চলাচল নিষেধ। তবে নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নির্বাচনি এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। আবার নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুত্, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে ঐ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।