হরতালে বাস চালাবে সড়ক পরিবহন মালিক সমিতি

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২২:৫৫

হেফাজতে ইসলামের ডাকা রবিবারের হরতালের মধ্যেও ঢাকা শহর ও শহরতলি রুটে বাস-মিনিবাস চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল রবিবার  ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।

সভায় নেতৃবৃন্দ বলেন, আমরা পরিবহন ব্যবসায়ী। হরতাল হলে আমরা ব্যাবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হব। এভাবে হরতাল ডেকে জনদুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। নেতৃবৃন্দ আহুত হরতালে ঢাকা শহর ও শহরতলির সব রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। যাত্রী পাওয়া সাপেক্ষে হরতালের দিন আন্তঃজেলা রুটেও গাড়ি চলাচলের সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ আহুত হরতালের দিন গাড়ি চলাচল যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান ।