হরতাল প্রতিহতের ঘোষণা যুবলীগের

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০০:২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনকালে গত শুক্রবার দেশব্যাপী হেফাজত ও বিএনপি-জামায়াতের তাণ্ডবের প্রতিবাদে গতকাল রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর আওয়ামী লীগ। একই সঙ্গে আজ রবিবার হেফাজতের ডাকা হরতাল মাঠে থেকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে তারা। পৃথক এসব সমাবেশে বক্তারা বলেন, যে কোনো মূল্যে সাম্প্রদায়িক অপশক্তি চক্রকে রুখে দিতে হবে! এরা দেশ ও জাতির শত্রু! এরা মানবতার শত্রু! এরা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে চায়!

গতকাল সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সহস্রাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রাজধানীর দোলাইরপাড়ে অবস্থান নেন কদমতলী থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ ও সমাবেশ করেন তারা। দুপুরে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে ঢাকা মহানগর উত্তর যুবলীগ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, যেখানেই এই মৌলবাদী, জামায়াত-বিএনপি চক্র বাংলাদেশকে নিয়ে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করবে, সেখানেই তাদের প্রতিহত ও গণধোলাই দিবে যুবলীগ।

এছাড়া সুনামগঞ্জ, গাইবান্ধা, গাজীপুর, নওগাঁ, দিনাজপুরের ফুলবাড়িয়াসহ সারা দেশে সব জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ। এদিকে অবৈধ হরতালের প্রতিবাদে এবং জনগণের জানমাল, সম্পদ রক্ষার্থে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আজ রবিবার রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবে যুবলীগ। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর যুবলীগ উত্তর রাজধানীর ৯টি স্থানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। 

এদিকে গতকাল দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু, কাজী শহিদুল্লাহ লিটন প্রমুখ।