জলবায়ু সম্মেলনে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ বাইডেনের

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০০:২১

জলবায়ু সংকটবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের গুরুত্বপূর্ণ ৪০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত শুক্রবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। শেখ হাসিনা ছাড়াও দক্ষিণ এশিয়ার নেতাদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মতো ক্ষমতাধর নেতারাও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়।

দুই দিনব্যাপী এই ভার্চুয়াল সম্মেলন আগামী ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউজ বলেছে, আগামী নভেম্বরে গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (সিওপি২৬) যাওয়ার পথে এটি একটি প্রধান মাইলফলক হবে। বাইডেন প্রশাসন জানিয়েছে, এপ্রিলে বিশ্বনেতাদের সম্মেলন এবং সিওপি২৬ উভয়ের মূল লক্ষ্য হলো বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রচেষ্টা জোরদার করা।

আমন্ত্রিত নেতাদের দেশগুলো বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কীভাবে অবদান রাখতে পারে, তার রূপরেখা দেওয়ার সুযোগ হিসেবে সম্মেলনটিকে ব্যবহারের আহ্বান জানিয়েছেন জো বাইডেন। সম্মেলনে ব্যাবসায়িক ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।