জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সংসদীয় সরকার পদ্ধতির নামে দেশে চলছে ভেজাল গণতন্ত্র। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। দেশের মানুষ মুক্তি চায়, তারা আর আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখতে চায় না। দেশের মানুষকে মুক্তি দিতে এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে হবে। তিনি গতকাল তার বনানী কার্যালয় মিলনায়তনে গাজীপুরের চিকিত্সক জহিরুল ইসলামের নেতৃত্বে জাপায় যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘সুবর্ণজয়ন্তী মূল্যায়ন করলে দেখা যায়—স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি। মহান মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু বৈষম্য থেকে আমরা মুক্তি পাইনি। ১৯৯১ সালের পর থেকে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগ ও বিএনপি দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে স্বৈরতন্ত্র কায়েম করেছে।’
অনুষ্ঠানে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘দেশে ক্রান্তিকাল চলছে। আওয়ামী দুঃশাসনে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষ দিশেহারা হয়ে আওয়ামী অপশাসন থেকে মুক্তি চাচ্ছে। রাস্তায় বিজিবি নামিয়ে সরকার প্রমাণ করেছে, দেশে সরকারের নিয়ন্ত্রণ নেই।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা ও মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন প্রমুখ।
