আজ দোল পূর্ণিমা

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০০:২৫

আজ রবিবার হিন্দু বৈষ্ণবদের অন্যতম ধর্মীয় উত্সব দোল পূর্ণিমা বা হোলি উত্সব। বাংলাদেশে এই উত্সবটি ‘দোলযাত্রা’ ও ‘দোল পূর্ণিমা’ নামেও পরিচিত। এ উপলক্ষে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।

মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোল উত্সবের আয়োজন করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে এ বছর উত্সবটি শুধু মাত্রা পূজা,হোম যজ্ঞ, ও প্রসাদ বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উত্সব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উত্পত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন।

সারাদেশে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ উত্সব চলবে। হিন্দু ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির মাখিয়ে এ উত্সব উদযাপন করবেন।