বিপজ্জনক হয়ে উঠেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২১:১১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উন্নয়নকাজ চলমান। গাজীপুর চৌরাস্তার পর শালনা থেকে আবার কার্পেটিং করার কাজটি ভালো উদ্যোগ। কিন্তু রাস্তায় কাজ করার জন্য যতটুকু নিরাপত্তাব্যবস্থা নেওয়া উচিত, তা কি নেওয়া হয়েছে? প্রথমবার বিটুমিন মেশানো পাথর দিয়ে যেভাবে আস্তরণ দেওয়া হচ্ছে তাতে করে এই পাথরগুলো ছুটে ছুটে গিয়ে পুরো রাস্তায় পড়ে থাকছে। ফলে যে কোনো গাড়ি ব্রেক কষলেই ব্রেক জমার জন্য সময় বেশি নিচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল ইমার্জেন্সি ব্রেক কষলেই বড় বিপদের সম্ভাবনা দেখা দিচ্ছে। এই পাথরগুলো রাস্তার পাশ থেকে সরিয়ে ফেলতেই হবে। নইলে মোটরসাইকেলের মতো অন্য যানবাহনে দুর্ঘটনার আশঙ্কা তো বাড়াবেই, সঙ্গে সঙ্গে পথচারীরাও নিরাপদে পথ চলতে পারবেন না। এখানে দ্বিতীয়বার প্লেন কার্পেটিং করা হবে কি না সে বিষয়ে স্পষ্টতা থাকা দরকার। যদি শুধু এমন পাথরের কার্পেটিংই থাকে তবে গাড়ির চাকা দ্রুত নষ্ট হবে। প্রতিটি ক্ষেত্রেই ভাবতে হবে টেকসই উন্নয়ন কতটা হতে পারে। যদি তা না ভাবা যায়, তবে জীবনের ওপর হুমকি আসবেই। পরিশেষে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর পড়ে থাকা সব পাথর অপসারণের ব্যবস্থা করতে সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।

সাঈদ চৌধুরী

শ্রীপুর, গাজীপুর