রায়গঞ্জে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে অনীহা

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২১:১২

দ্বিতীয়বারের মতো করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে মাস্ক পরতে বলা হলেও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রায় সবখানেই তা উপেক্ষিত। বিশেষ করে হাট-বাজারের অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মধ্যে স্বাস্থ্যবিধি মানার লক্ষণ নেই। চলছে বিভিন্ন অনুষ্ঠানের নামে গণজমায়েতসহ আড্ডাবাজি। বিশেষ করে উপজেলার চায়ের দোকান, কম্পিউটারে গান ডাউনলোডের দোকান, মাছের বাজারগুলোতে। গ্রামপাঙ্গাসী হাটে আসা কয়েকজন মুরব্বির কাছে মাস্ক পরছেন না কেন জানতে চাইলে বলেন, আমাদের কাছে করোনা আসবে না। আমরা কৃষক মানুষ। আমাদের সারা দিন মাঠে কাজ করতেই যায়। মাস্ক পরলে দম আটকে আসে আর তাছাড়া বিরক্তও লাগে। এদিকে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষকে মাস্ক পরতে বাধ্য করার জন্য এর মধ্যেই মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসচেতনতার বিকল্প নেই।

মো. মোকাদ্দেস হোসাইন সোহান

গ্রামপাঙ্গাসী চানপাড়া, বোয়ালিয়ারচর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ