মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
স্থায়ী সংস্কার না হওয়া ভাঙন হুমকিতে পড়েছে মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ। গত বর্ষার শেষের দিকে জনতা বাজার অঞ্চল দিয়ে মূল বাঁধের ১২৫ সেন্টিমিটার অংশ গভীর হয়ে ভেঙে যায়। পরে ভাঙন স্থানে বালু ভর্তি বস্তা ফেলা হলেও অদ্যবধি বাঁধটির স্থায়ী সংস্কার করা হয়নি। এতে আগামী বর্ষায় বাঁধটি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা বলছেন, এ অঞ্চলটি কিছুটা নিচু। এখনই বাঁধটি স্থায়ী মেরামত না করা হলে বর্ষায় এই জনতা বাজার অঞ্চল দিয়ে বাঁধটি ভেঙে তলিয়ে যাবে রাস্তাঘাট, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়িঘর সবই।
জনতা বাজার অঞ্চলের জসিম উদ্দিন মোল্লা, ওয়ালীউল্লাহ দেওয়ানসহ স্থানীয় আরো কয়েক জন জানান, জনতা বাজার অঞ্চলে ভেঙে যাওয়া অংশটুকু খুবই দ্রুত এবং স্থায়ী মেরামত করা না হলে বর্ষায় এই অঞ্চল দিয় ধনাগোদা বেড়িবাঁধ ভেঙে চরম ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে মেঘনা-ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সেচ প্রকল্পের জনতা বাজার অঞ্চলে ভাঙা অংশটুকু এখনই স্থায়ী মেরামত করতে হবে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সেচ প্রকল্প বাঁধের জনতা বাজার অঞ্চলে টেকসই বা স্থায়ী মেরামতের জন্য বরাদ্দ চাওয়া হয়েছিল কিন্তু করোনাকালীন সময়ের কারণে ফান্ড স্বল্পতা রয়েছে। তবে এই বর্ষা মোকাবিলার জন্য সাময়িক মেরামতের কাজ শিগিগর শুরু হবে।
