ইত্তেফাক ডেস্ক
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত চার জন। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো ছয় জন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
লোহাগাড়া (চট্টগ্রাম): একটি নোহা গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চার জন। রবিবার ভোর ৪টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. আয়াচ (৩৬), শাহ আলম (৩৪) ও জাহাঙ্গীর আলম। দোহাজারি হাইওয়ে থানার ওসি মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।
শেরপুর (বগুড়া): মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পেঁয়াজ ব্যবসায়ীর নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্যবসায়ী আবু সাঈদ (৩৮) ও নাদু প্রামাণিক (৪০)। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা): দামুড়হুদা ফায়ার সার্ভিস স্টেশনের পাশে রবিবার সকালে ট্রাকের চাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, ঘটনাস্থলেই ছেলে আজম (১২) ও হাসপাতালে নেওয়ার পথে বাবা আসানুর রহমান (৪০) মারা যান। এ ঘটনায় চালকসহ চার জন আহত হয়েছে।
মীর্জাগঞ্জ (পটুয়াখালী): মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শনিবার রাতে মো. হাদিস উদ্দিন নামে এক চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে এক জন। মীর্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি ও রায়গঞ্জ সংবাদদাতা: রায়গঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনে আগুন লেগে মদন চৌহান (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন আরো এক জন। শনিবার গভীর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
