নবজাতক রয়েছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২১:১৯

রেদোয়ানা হত্যায় মামলা

টাঙ্গাইল প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা খন্দকার রেদোয়ানা ইসলাম ইলুকে বালিশ চাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে নিহত ইলুর ভাই খন্দকার আসাদুল আবিদ বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যামামলা দায়ের করেন। মামলায় গৃহবধূর স্বামী ব্যাংক কর্মকর্তা মো. দেলোয়ার রহমান মিজানকে আসামি করা হয়েছে। এদিকে বাবার হাতে মা হত্যার পর ছয় দিনের অসহায় ফুটফুটে শিশুকন্যার ঠাঁই হয়েছে কুমুদিনী হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ বলেন, নিহত ইলুর ময়নাতদন্তের পর নিয়মিত মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।