শ্বশুর পলাতক
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে পুত্রবধূ শাহেনা আক্তার রেখাকে (৩৫) উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনায় পর থেকে অভিযুক্ত শ্বশুর আবদুল মান্নান প্রকাশ মনা পলাতক রয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ইটবাড়িয়া গ্রামের মনা মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পুত্রবধূ শাহেনা আক্তার রেখা তিন সন্তানের জননী। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী অর্জুনতলা ইউনিয়নের মাসিকপুর গ্রামে। স্বামী বাবুল কুয়েত প্রবাসী।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, পারিবারিক কলহের জেরে শাশুড়ি ও তার তিন সন্তানের অনুপস্থিতিতে শ্বশুর আবদুল মান্নান মনা তার পুত্রবধূ শাহেনা আক্তার রেখাকে রান্নাঘরের মধ্যে উপর্যুপরি ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পর থেকে আবদুল মান্নান মনা পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যামামলা দায়েরের প্রস্তুতি চলছে।
