কুমিল্লায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
কুমিল্লা সদর দক্ষিণ সংবাদদাতা
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় যুবলীগ কর্মী ও ২৪ মামলার আসামি মো. নাদিম মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে নিহতের বাবা ইদু মিয়া বাদী হয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মো. ইলিয়াছ মিয়াকে প্রধান আসামি ও আরো ২৮ জনকে এজাহার নামীয় আসামি করে মামলা দায়ের করেছেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের ইদু মিয়ার ঘরে ২০/২৫ জন সন্ত্রাসী ঢুকে তার ছেলে যুবলীগ কর্মী ও ২৪ মামলার আসামি মো. নাদিম মিয়া (৩২) কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ১০টায় তিনি মারা যান। এ সময় নিহতের স্ত্রী আমেনা বেগম, ভাই মহসিন, বাবা ইদু মিয়া ও মা রহিমা বেগমও আহত হন। তারা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
