ইউনিয়ন পরিষদ নির্বাচন
ইত্তেফাক ডেস্ক
আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়ার ৩ নম্বর মিরুখালী ইউনিয়নে নৌকা ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মিরুখালী নাগ্রাভাঙা স্কুল সংলগ্ন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নৌকার দুই সমর্থক গুলিবিদ্ধ হন। আহত হয়েছেন উভয়পক্ষের ১০/১২ জন। বিদ্রোহী প্রার্থীর ১০টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। গুলিবিদ্ধ আলমগীর পঞ্চায়েত ও জাকির হোসেনকে বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান মিলু জানান, দুই পক্ষ থেকে পালটাপালটি অভিযোগপত্র দিয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
মুলাদী (বরিশাল): মুলাদীতে মেম্বার প্রার্থীর সমর্থক মৃধারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরকালেখান মাদরাসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদী হয়ে রবিবার সকালে আট জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে মুলাদী থানায় অভিযোগ দায়ের করেছেন।
মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান, মাস্টার দেলোয়ার হোসেনের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গলাচিপা (পটুয়াখালী): গলাচিপার তিন ইউনিয়নের চার জন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাদেরকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো স্বাক্ষরিত বহিষ্কারাদেশ পত্র পাঠ করে শোনানো হয়। দলীয় অঙ্গীকার ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
মোরেলগঞ্জ (বাগেরহাট): মোরেলগঞ্জ উপজেলার ১০ নম্বর হোগলাবুনিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক অধ্যাপক শামীম আহসান পলাশের কর্মী সমর্থকদের মারপিট ও পোস্টার ছিঁড়ে ফেলায় প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের চরহোগলাবুনিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসা সড়কে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হোগলাবুনিয়া ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি প্রধান শিক্ষক আলী হায়দার চুন্নু, ইউপি সদস্য রুহুল আমীন, উপজেলা মত্স্যজীবী লীগ সাধারণ সম্পাদক আল আমিন শেখ প্রমুখ।
