বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
বিশ্বনাথে তরুণ ব্যবসায়ী ইমরান হোসেন সায়মন হত্যা মামলার প্রধান আসামি এনাম উদ্দিনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে তাকে ওসমানীনগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এনাম উদ্দিন পৌর এলাকার উত্তর মশুল্ল্যা (জানাইয়া) গ্রামের মনোহর আলীর ছেলে। বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের ৮ম দিনেই তাকে (এনাম) গ্রেফতার করা হয়েছে। পলাতক থাকা অন্য আসামিকে দ্রুত গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাত ১০টার দিকে বিশ্বনাথ বাজার থেকে উপজেলা পরিষদের মসজিদের সামনে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে ছুরিকাঘাতে খুন হন ব্যবসায়ী ইমরান হোসেন সায়মন।
