ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় রবিবার সকালে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহতের নাম রোকন উদ্দিন মোল্লা (২৫)। সে উপজেলার শেখপাড়া গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। ঐদিন রোকন উদ্দিন গোয়াল ঘর তুলছিল। এ সময় চাচাতো ভাই শীলু মোল্লা বাধা দিলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শীলু মোল্লা রোকন উদ্দিনকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
