সুজানগরে গৃহবধূর লাশ উদ্ধার
সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগরে রবিবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম কুটি খাতুন (৪০)। তিনি উপজেলার কেষ্টপুর গ্রামের লবু শেখের স্ত্রী। সুজানগর থানার ডিউটি অফিসার সাজ্জাদ হোসেন জানান, কুটি খাতুনের লাশ একটি পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা রবিবার অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া প্রমুখ।
জলাতঙ্ক নির্মূলে অ্যাডভোকেসি সভা
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুস সালেহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান। আলোচনায় অংশ নেন জলাতঙ্ক নির্মূলে কর্মসূচির কোর্ডিনেটর ডা. নাদিম মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওসমান গনি প্রমুখ।
রোগীদের মধ্যে চেক বিতরণ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ত্রিশালে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হূদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ৩৮ জন রোগীর মধ্যে রোগী প্রতি ৫০ হাজার টাকা করে মোট ১৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।
উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশবিষয়ক সেমিনার
পলাশ (নরসিংদী) সংবাদদাতা বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, রূপকল্প ২০৪১ : উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশবিষয়ক সেমিনার রবিবার পলাশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, থানার ওসি শেখ মো. নাসিরউদ্দীন প্রমুখ।
পাংশায় ছাত্র ও যুব সমাবেশ
রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর পাংশা পৌরসভা প্রাঙ্গণে শনিবার বিকালে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের আয়োজনে পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিদুল ইসলাম মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম।
মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে বড়লেখায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে। বড়লেখা নজরুল একাডেমি আয়োজিত বই মেলার সমাপনী দিনে শনিবার বিকালে এ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে মরণোত্তর সম্মাননাপ্রাপ্তরা হলেন—বীর মুক্তিযোদ্ধা জছির আলী (শহিদ বেসামরিক), বীর মুক্তিযোদ্ধা শফিকুর রব (শহিদ), শহিদ ইব্রাহিম আলী ওঝা ও বড়লেখা প্রেসক্লাবের সাবেক সভাপতি মৃত বীর মুক্তিযোদ্ধা মো. মন্তজির আলী। সম্মাননাপ্রাপ্ত জীবিত বীর মুক্তিযোদ্ধারা হলেন—উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিরাজ উদ্দিন, সাংবাদিক ও আইনজীবী তবারক হোসেইন, সহকারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান ও সব মুক্তিযোদ্ধার পক্ষে বড়লেখা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।
দিনব্যাপী মাস্ক বিতরণ
পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা পাংশা প্রেস ক্লাবের আয়োজনে রবিবার দিনব্যাপী পৌর শহরের কালিবাড়ী মোড়ে মাস্ক বিতরণ করা হয়েছে। কর্মসূচি চলাকালে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ প্রমুখ।
