ইকবালের জন্য অন্যরকম ফাইনাল আজ

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২১:৩৩

স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলের সাবেক ফুটবলার ইকবাল হোসেন এখন বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার। তিনি এখন নেপালে দলের সঙ্গে রয়েছেন। এই ফুটবলারের সঙ্গে দেশের ফুটবলের অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাংলাদেশ ফুটবল দল ৯৯ সালে নেপালের এই মাঠে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে লড়াই করে অনেক প্রতীক্ষার স্বর্ণপদক জয় করেছিল। তখন সাফ গেমস ফুটবলে সোনার পদক হয়ে উঠেছিল সোনার হরিণ। সেই সোনার হরিণ কাঠমান্ডু হতে জয় করেছিল বাংলাদেশ ফুটবলের পরবর্তী প্রজন্ম। সেই প্রজন্মের একজন ছিলেন আজকের ম্যানেজার ইকবাল হোসেন। শুধু তাই নয় তারও আগে ১৯৯৫ সালে মিয়ানমারে তিন জাতির টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় ছিলেন ইকবাল। সেই খেলোয়াড় এখন কর্মকর্তা, সেই নেপালেই আবার ফাইনালের মুখোমুখি আজ। জিতলে সবচেয়ে বেশি খুশি হবে ইকবাল হোসেন।