ইত্তেফাক রিপোর্ট
সাভার উপজেলার আশুলিয়ায় দিনে-দুপুরে এক ডিশ ব্যবসায়ীকে নিজ ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার সকালে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া সরকার বাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ঐ ব্যবসায়ীর নাম ইলিম সরকার (৩৫)। খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে আশুলিয়া থানাপুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া উত্তরপাড়া এলাকার ফজল হক সরকারের ছেলে ইলিম সরকার দীর্ঘ দিন ধরে নিজ এলাকায় ডিশ ব্যবসা করে আসছিলেন। রবিবার সকালে তিনি নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় তার স্ত্রী তাদের বাড়ির পাশে অপর একটি নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে গিয়েছিল। এ সময় দুর্বৃওরা ঐ বাড়ির সিসিটিভির হার্ডডিক্সও চুরি করে নিয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আশুলিয়া থানাপুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
