গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে পুলিশের সঙ্গে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের শনিবারের সংঘর্ষের ঘটনায় প্রায় পৌনে ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই এস এম আল আমিন বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলায় ৪১ জনের নামে এবং অজ্ঞাত আরো ১২০/১৩০ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিরা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। রবিবার বিকাল পর্যন্ত মামলায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো—জুবায়ের হোসেন, মো. মাসুদ, মো. শামীম ও আজিজুল ইসলাম আজিজ। সকালে গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানিয়েছেন সদর মেট্রো থানার ওসি মো. রফিকুল ইসলাম।
এজাহারে উল্লেখ করা হয়, গাজীপুর শহরে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আসামিরা (ঐ নেতাকর্মীরা) বিএনপি কার্যালয় প্রাঙ্গণসহ সামনের সরকারি রাস্তায় দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে অবস্থান এবং যান চলাচলে বাধা প্রদান করে রাস্তা আটকে রেখেছে মর্মে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে এসআই আল আমিন সেখানে যান। যানবাহনের স্বাভাবিক চলাচলের জন্য অবরোধ তুলে নেওয়ার কথা বললে আসামিরা তাদের মারধর শুরু করে। তখন তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এ সময় আসামিরা পুলিশের পিকআপের চালককে মারধর ও পিকআপসহ যানবাহন ভাঙচুর শুরু করে। খবর পেয়ে ওসি রফিকুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাঙ্গামা প্রতিহত এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে আসামিরা তাদের ওপর আক্রমণ এবং বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ জানমাল রক্ষার্থে ২৭ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ঐ চার জনকে গ্রেফতার করা হয়।
