পৌরসভায় নগর পরিকল্পনাবিদ নিয়োগ দেবে সরকার —এলজিআরডি মন্ত্রী

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

সরকার দেশের প্রতিটি পৌরসভায় এক জন করে নগর পরিকল্পনাবিদ নিয়োগের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এছাড়া সব পৌরসভার জন্য মাস্টার প্ল্যান প্রণয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথাও জানান মন্ত্রী।

গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-বিআইপি আয়োজিত ‘স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশকে উন্নত সমৃদ্ধ করতে হলে একটি জাতীয় পরিকল্পনা লাগবে এবং সেই পরিকল্পনা অবশ্যই দীর্ঘমেয়াদি হতে হবে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, পরিকল্পনায় অবশ্যই একটি সুনির্দিষ্ট দর্শন থাকতে হবে।

তিনি বলেন, যদি ঢাকাকে কেন্দ্র করে মাস্টার প্ল্যান করা হয়, তাহলে ৫০ বছর পরে এই শহরে কত মানুষ বাস করবে, অবকাঠামোগত কী উন্নয়ন হবে, শিক্ষার হার, মাথাপিছু আয় কত হবে, লাইফস্টাইল কেমন হবে ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পরিকল্পনা গ্রহণ করলে তবে সাফল্য আসবে। পরিকল্পনাবিদ ও বিআইপির সভাপতি ড. আখতার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। পরিকল্পনাবিদ ও বিআইপির সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।