মাগুরায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী খুন, আটক ৬

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২২:৪৫

মাগুরার শালিখা উপজেলার গোয়ালখালী গ্রামে শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় অহিদুজ্জামান (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। পুলিশ এ ঘটনায় ছয় জনকে আটক করেছে। নিহত ওহিদুজ্জামান শালিখার কুশখালী গ্রামের তাইজুদ্দিন মোল্লার ছেলে।

হামলায় আহত নিহতের ভাই তালখড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার জানান, রাত ৮টার দিকে ছয়টি মোটরসাইকেলযোগে তারা ১১ জন স্থানীয় চতুড়বাড়িয়া বাজার থেকে নিজ গ্রাম কুশখালিতে ফিরছিলেন। পথিমধ্যে গোয়ালখালি এলাকায় পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ তাদের পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাদের প্রত্যেককে এলাপাতাড়ি কোপাতে থাকে। এসময় তাদের চিত্কারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী তাদেরকে যশোর সদর হাসপাতালে নিলে রাত ১০টার দিকে চিকিত্সকরা অহিদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিত্সা চলছে। এদিকে কুশখালির বাসিন্দা আব্দুর রাকিবসহ অন্যরা জানান, এলাকার রাজনৈতিক আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামী লীগ দুই নেতার  মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। যার সূত্র ধরে এ ঘটনা ঘটেছে। নিহত অহিদুজ্জামান স্থানীয় আওয়ামী লীগ কর্মী। শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরীকুল ইসলাম জানান, পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ প্রহরা জোরদার করা হচ্ছে। এ ঘটনায় এ পর্যন্ত ছয় জনকে আটক করা হয়েছে।