মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার

নারীসহ ছয় জনের রিমান্ড মঞ্জুর

আপডেট : ২৯ মার্চ ২০২১, ০০:১২

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে  মেয়েদের উত্ত্যক্তকরণকে কেন্দ্র করে এবং এলাকার প্রভাব বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় তিন খুনের ঘটনায় গ্রেফতারকৃত ছয় জনেরই পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছয় জনের মধ্যে পুরুষ পাঁচ জনকে পাঁচ দিন করে এবং এক নারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত বৃহস্পতিবার পুলিশ তাদের ১০ দিন করে পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত শুনানির দিন রবিবার ধার্য করে। গতকাল উভয় পক্ষের শুনানির পর বিচারক উল্লেখিত আদেশ প্রদান করেন বলে জানান সদর থানার ওসি (তদন্ত ) মো. রাজিব খান। তদন্তের স্বার্থে মামলার আগ্রগতির বিষয়ে না জানালেও তিনি বলেন, বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে। এলাকায় এখনো থমথম অবস্থা বিরাজ করছে। আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল সৌরভ, অভি ও সিহাব নামে তিন জন যাদের এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে হত্যাকাণ্ডের সময় উপস্থিত থেকে উসকানি ও মারামারিতে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেন, নাসরিন আক্তার, জাহাঙ্গীর, রনি ব্যাপারী, ইমরান ও রাহুল প্রধানকে আদালতের আদেশে পুলিশ রিমান্ডে আনা হয়। গত বুধবার রাতে সালিশ বৈঠকে সংঘর্ষে তিন যুবক ছুরিকাহত হন এবং পরদিন বৃহস্পতিবার দুপুরে তারা মারা যান। নিহতরা হলেন সদর থানাধীন উত্তর ইসলামপুরের কাসেম পাঠানের পুত্র ইমন পাঠান (২৩), বাচ্চু মিয়ার পুত্র সাকিব মিয়া (১৯) ও সদ্য সমাপ্ত পৌর নির্বাচনের পরাজিত কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেন মিন্টু (৪০)। তিন জনকে হত্যার ঘটনায় নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ১২ জনের নাম উল্লেখ করে আরো ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।