হেফাজতের ডাকা গতকাল সকাল-সন্ধ্যা হরতালের খুব একটা প্রভাব পড়েনি স্বাভাবিক জীবনযাত্রায়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বাভাবিক ছিল যান চলাচল। কয়েকটি স্থানে বিক্ষিপ্ত মিছিল করেছে হেফাজতে ইসলাম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থায় মাঠে সরব ছিল আওয়ামী লীগ। এদিকে হরতালের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল রবিবার হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রাস্তায় স্বাভাবিকভাবেই চলাচল করে গণপরিবহন। রাজধানীর পল্টন, মতিঝিল, গুলিস্তানসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর চিত্রও একই। জনজীবনও ছিল স্বাভাবিক।
হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে জিরোপয়েন্ট ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে তাদের বিক্ষোভ মিছিল শেষ হয়। এ সময় তারা হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান এবং হরতাল প্রতিরোধের ঘোষণা দেন। বিক্ষোভ মিছিল শেষে তারা আবার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেন। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। এ সময় অন্যান্যের মধ্যে যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এক পর্যায়ের যুবলীগের নেতাকর্মীদের মধ্যে হেফাজতের কর্মীদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
