শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী মোসলেম উদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৯ মার্চ ২০২১, ০০:১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দীন (৭৩) গতকাল রবিবার কলারোয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। দীর্ঘদিন প্যারালাইজড অবস্থায় তিনি শয্যাশায়ী ছিলেন। মোসলেম উদ্দীন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গতকাল বাদ আছর কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথম তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষে প্রতিনিধি, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, সাবেক সংসদ সদস্য বি এম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কমান্ডার মোসলেম উদ্দীন ২০০২ সালের ৩০ আগস্ট তত্কালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে কলারোয়ায় হামলা মামলার বাদী ছিলেন। দীর্ঘ ১৯ বছর পর গত ৪ ফেব্রুয়ারি মামলার বিচারকাজ সম্পন্ন হয়। বিচারে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।