মিয়ানমারে নিহতের শেষকৃত্যেও নিরাপত্তা বাহিনীর গুলি

আপডেট : ২৯ মার্চ ২০২১, ১০:১৬

মিয়ানমারে জান্তা সরকারের বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত একজনের শেষকৃত্য অনুষ্ঠানেও গুলি চালানোর উঠেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জানা যায়, গতকাল রবিবার (২৮ মার্চ) থায়ে মং মং নামের ওই তরুণ বিক্ষোভকারীর শেষকৃত্য চলার সময় ফাঁকা গুলি ছুঁড়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সেখানে উপস্থিত থাকা তিন প্রত্যক্ষদর্শী জানান, এদিন ইয়াঙ্গুনের কাছে বাগো শহরে মং মংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলছিলো। সেখানে গুলি চালিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া সামরিক শাসনবিরোধী আন্দোলনে মিয়ানমারে এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশ মানুষ নিহত হয়েছে।

গত শনিবার ছিলো মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস। সেদিন রাজধানী নেপিদোতে সেনা কুচকাওয়াজের পরপরই সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে চরম দমনপীড়ন চালানো হয়। একদিনের নিহত হয় ১১৪ জন বলে দাবি করেছে রয়টার্স। শুধু মান্দালয় শহরেই শিশুসহ অন্তত ৪০ জন ও ইয়াঙ্গুনে ২৭ জন নিহত হন। বিক্ষোভ চলাকালীন এদিনই সবচেয়ে রক্তাক্ত দিন পার করেছে মিয়ানমার।

ইত্তেফাক/টিআর