মিয়ানমারের কারেন রাজ্যের মুত্রো জেলায় বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। হামলার আতঙ্কে রবিবার (২৮ মার্চ) কারেন রাজ্য ছেড়ে থাইল্যান্ডে পালিয়েছেন প্রায় তিন হাজার গ্রামবাসী। স্থানীয় সংবাদমাধ্যম ও অ্যাক্টিভিস্ট সংগঠনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রাজ্যটির একটি সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে সেনাচৌকিতে হামলার পর পাল্টা জবাব হিসেবে শনিবার (২৭ মার্চ) থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় এই বিমান হামলা চালানো হয়।
শনিবার কারেন জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন কারেন ন্যাশনাল ইউনিয়ন দাবি করে, থাইল্যান্ড সীমান্তসংলগ্ন এলাকায় মিয়ানমারের একটি সেনাচৌকিতে হামলা চালিয়ে তারা ১০ জনকে হত্যা করেছেন। তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তাও রয়েছেন। হামলায় কারেন সংগঠনটিরও একজন সদস্য নিহত হন।
কারেন নারী অধিকার সংগঠন ‘কারেন ওমেন্স অর্গানাইজেশন’ বলছে, বিমান হামলার সময় গ্রামবাসী জঙ্গল ও পাহাড়ের ঢালে লুকিয়ে প্রাণ বাঁচান। এরপর তিন হাজারের মতো মানুষ শরণার্থী হিসেবে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ড চলে যান।
ইত্তেফাক/এএইচপি
