অবশেষে বাউফল থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে ক্লোজ করে পটুয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে ক্লোজ করা হয়। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে ক্লোজ করার খবরে নানা মহলে স্বস্তি ফিরে এসেছে। ওসি মোস্তাফিজুর রহমান গত বছরের ফেব্রুয়ারি মাসে বাউফল থানায় যোগদান করেন।
ওসি মোস্তাফিজুর কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে ওঠেন। তিনি যোগদানের কয়েক দিন পর বাউফল থানার সামনে যুবলীগ নেতা তাপস খুন হন। এর কয়েক দিন পর কেশবপুর ইউনিয়নে সরকারি দলের দুই পক্ষের আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঐ ইউনিয়নের যুবলীগের সহসভাপতি ইমন তালুকদার ও তার চাচাতো ভাই ইশাত তালুকদার খুন হন। এ খুনের ঘটনার আগের দিন এক পক্ষ অপরপক্ষের ওপর হামলা করে। ঘটনাটি লিখিতভাবে ওসি মোস্তাফিজুর রহমানকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। যার ফলে পরের দিন এ জোড়া খুনের ঘটনা ঘটে। এছাড়াও তার বিরুদ্ধে পৌর শহরে সরকারি দলের এক পক্ষকে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। যে কারণে বাউফলে সরকারি দলের দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ হতো।
গত কয়েক দিন আগে ওসি মোস্তাফিজুর রহমান দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলাসহ একাধিক মামলার আসামির সঙ্গে সেলফি তুলে দৈনিক পত্রিকার শিরোনাম হন। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
