বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহত্ লোগো মানব প্রদর্শনী হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ১ লাখ ৫৮ হাজার বর্গফুট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করে ৯ হাজার ৪০৮ জন মানুষ। বরিশাল সিটি করপোরেশনের এ আয়োজন দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়। আয়োজক সূত্র জানায়, এটি সর্ববৃহত্ মানব লোগো। বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বলেন, বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানাতে এবং নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুকে তুলে ধরতেই এ আয়োজন।
এ মানব লোগোটি ১ হাজার ৩৫০ ফুট দৈর্ঘ্য এবং ১ হাজার ৮০০ ফুট প্রস্থ। মানব লোগোতে বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে ২ হাজার ৪০০ বর্গফুট জুড়ে। এছাড়া বঙ্গবন্ধুর বাম গালের তিলক করা হয়েছে ৪৮ বর্গফুট এবং মুজিব কোর্ট করা হয়েছে ১ হাজার ৯২০ বর্গফুট জায়গা জুড়ে। প্রতিটি ১৬ বর্গফুটের প্রিন্ট করা পিভিসির ফ্রেম তুলে ধরে ফুটিয়ে তোলা হয় এ লোগোতে। এছাড়া এ লোগো প্রদর্শনীতে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নাম এবং সিটি করপোরেশনের স্লোগান ‘আমরাই গড়ব আগামীর বরিশাল’ যুক্ত করা হয়েছে। প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু জানান, এক মাস ধরে প্রায় ২ হাজার শ্রমিক নগরীর বঙ্গবন্ধু উদ্যানে লোগো প্রস্তুতিতে দিন-রাত শ্রম দিয়েছেন। মানব লোগো প্রদর্শনীর পূর্বে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
