ডিএনডিতে একদিকে খাল খনন, অন্যদিকে ভরাট

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৩২

২০১৮ সালের ডিসেম্বর মাসে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্প এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ১৩ কোটি টাকার প্রকল্প ব্যয়ে আগামী ২০২৩ সালের মধ্যে নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের কাজ শেষ হবে। ইতিমধ্যে প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। ৯৪ কিলোমিটার খাল খননের কাজ করতে গিয়ে বিপাকে পড়েছে সেনাবাহিনী। যে খালগুলো খনন করা হয়েছে তা ময়লা আর্বজনা ফেলে ভরাট করে ফেলছে অসচেতন এলাকাবাসী। বারবার পরিষ্কার ও পুনঃখনন করতে হচ্ছে অনেক খাল। গতকাল মঙ্গলবার তুষারধারা-মাতুয়াইল এলাকার হাশেম রোডের একটি খাল পরিষ্কার করেছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি টিম। এ কাজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সামসুদ্দিন ভুঁইয়াকে সম্পৃক্ত করা হয়েছে জনসাধারণকে সচেতন করার জন্য।