করোনামুক্ত পৃথিবী কামনায় পবিত্র শবেবরাত পালিত

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৩৫

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে সোমবার দিবাগত রাতে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে পবিত্র শবেবরাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ উপলক্ষ্যে মসজিদে মসজিদে ছিল বিশেষ দোয়ার আয়োজন। করোনা থেকে মুক্তিতে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাওয়া হয়। পাশাপাশি দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এশার নামাজের পর দলে দলে প্রবেশ করেন মুসল্লিরা। অনেকে সোমবার ও মঙ্গলবার নফল রোজা রাখেন। মসজিদে নফল নামাজ ও ইবাদত বন্দেগির পর মুসল্লিরা ভিড় করেন আজিমপুরসহ ঢাকার বিভিন্ন কবরস্থানে। বিশেষ এই রাতে আত্মীয়-পরিবারের মধ্যে যারা মারা গেছেন তাদের কবরের পাশে দাঁড়িয়ে রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন অনেক মুসল্লি। বিশেষ মোনাজাতে মসজিদে মসজিদে মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

পবিত্র শবেবরাত পালন উপলক্ষ্যে সোমবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ‘পবিত্র শবেবরাতের গুরুত্ব ও তাত্পর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ওয়াজ ও দোয়া মোনাজাত করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এছাড়া করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাংলাদেশসহ সারা বিশ্ব যাতে রক্ষা পায় ও নিরাপদ থাকে সেজন্যও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিগণ অংশ নেন।