স্বাধীনতাবিরোধীদের উত্থান ঘটতে দেওয়া হবে না —মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৩৫

দেশ যখন শান্তিতে আছে, মানুষের কোনো অভাব-অনটন নেই, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিত্সার সব সুযোগ যখন মিলছে, তখন এটা এক শ্রেণির লোকের ভালো লাগছে না বলে মন্তব্য করেছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, এরা হলো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। ওদের প্রেতাত্মারা বেঁচে আছে। স্বাধীনতাবিরোধী এই প্রেতাত্মাদের বাংলাদেশে উত্থান ঘটতে দেওয়া হবে না। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গেন্ডারিয়ায় মিল ব্যারাক নৌ জেটিতে বাংলাদেশ আওয়ামী মত্স্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আয়োজিত নৌ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শ ম রেজাউল করিম বলেন ’৭১-এর রাজাকাররা কেউ হেফাজত নামে, কেউ নেজামে ইসলাম নামে, কেউ মুসলিম লীগ নামে নতুন করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। কিন্তু ইসলাম ধর্ম সহিংসতায় বিশ্বাস করে না, সন্ত্রাসকে পছন্দ করে না, জঙ্গিবাদে বিশ্বাস করে না। বাংলাদেশ আওয়ামী মত্স্যজীবী লীগের সভাপতি মো. সায়ীদুর রহমানের সভাপতিত্বে সংগঠনটির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও বিভিন্ন জেলা-উপজেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।