আসবাবপত্র বহনের আড়ালে ফেনসিডিলের কারবার

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৩৫

৫৮০ বোতল ফেনসিডিলসহ হানিফ ও তমাল হোসেন নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। তারা দুই জনই নারায়ণগঞ্জের বাসিন্দা। সোমবার রাতে র্যাব-৪-এর একটি দল ঢাকা দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহূত একটি পিকআপ জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করত। সেগুলো তারা পিকআপের মাধ্যমে কাঁচামাল ও আসবাবপত্র পরিবহনের আড়ালে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।